ফরিদপুরে স্ত্রী স্বপ্না মালোকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী কাঞ্চল হালদারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। মঙ্গলবার দুপুরে আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম এই রায় প্রদান করেন।
রায় ঘোষণার সময় আসামি কাঞ্চন হালদা (৩৪) আদালতে উপস্থিত ছিলেন। তার বাড়ী ফরিদপুর শহরের ভাটিলক্ষিপুর এলাকায়।
ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট স্বপন কুমার পাল জানান, ২০০৯ সালের ১৪ জুন ভোর রাতে কাঞ্চন হালদার ও তার পরিবারের সদস্যরা স্ত্রী স্বপ্না মালো (২৪) কে কুপিয়ে জখম করে। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় নিহতের পিতা জেলার বোয়ালমারী উপজেলার দাদপুর এলাকার জীবন মালো বাদী হয়ে মেয়ের স্বামী কাঞ্চন হালদার, শ্বশুর দুলাল হালদার, চাচা শ্বশুর বাদল হালদারকে আসামি করে ফরিদপুর কোতোয়ালী থানায় নারী নির্যাতন ও যৌতুক আইনে মামলা দায়ের করেন। পুলিশি তদন্ত শেষে শুধু কাঞ্চনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়। মামলায় দীর্ঘ সাক্ষ্য শুনানি শেষে আদালত স্বপ্না মালোর স্বামী কাঞ্চন হালদারকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।