২০১৬ সালের অভাবনীয় সাফল্যের দরুণ পর্তুগালের বর্ষসেরা খেলোয়াড় মনোনীত হয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো । ৩২ বছর বয়সী রোনাল্ডো এই তালিকায় পিছনে ফেলেছেন মাদ্রিদ সতীর্থ পেপে ও স্পোর্টিং সিপি গোলরক্ষক রুই প্যাট্রিসিওকে ।
সোমবার কুইন্স ডি ওরা গালাতে মর্যাদাকর এই পুরস্কারটি জয় করেন রোনাল্ডো ।
গত মৌসুমে এ্যাথলেটিকো মাদ্রিদকে ফাইনালে পরাজিত করে দশমবারের মত চ্যাম্পিয়নস লীগের শিরোপা জয় করে রোনাল্ডোর নেতৃত্বাধীন রিয়াল মাদ্রিদ। মিলানে পেনাল্টি শ্যুট আউটে এই ফরোয়ার্ডের গোলেই মাদ্রিদের জয় নিশ্চিত হয়। পুরো টুর্ণামেন্টে ১৬টি গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন সিআর সেভেন।
এছাড়া তার সহযোগিতায় পর্তুগাল প্রথমবারের মত ইউরো ২০১৬’র শিরোপা জয় করে। প্যারিসে অনুষ্ঠিত ফাইনালে অতিরিক্ত সময়ে স্বাগতিক ফ্রান্সকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় পর্তুগীজরা । যদিও ম্যাচটিতে ইনজুরির কারণে প্রথমার্ধেই মাঠের বাইরে চলে গিয়েছিলেন রোনাল্ডো।
পুরস্কার হাতে নিয়ে রোনাল্ডো বলেন, এটা আমার জন্য বিশেষ একটি মৌসুম ছিল। কারণ আমরা ইউরো জিতেছি, এটা আমাদের কাছে অনেক বড় একটি প্রাপ্তি। আমি আমার পর্তুগীজ ও রিয়াল মার্দিদ সতীর্থ, কোচিং স্টাফ এবং অবশ্যই সমর্থকদের ধন্যবাদ জানাতে চাই, শিরোপা জয়ে তারাই আমাদের আত্মবিশ্বাস যুগিয়েছে।
এর আগে ২০১৬ সালের দুর্দান্ত পারফরমেন্সের জন্য তারকা এই ফরোয়ার্ড ব্যালন ডি’অর ও ফিফ বর্ষসেরা এ্যাওয়ার্ডও জয় করেছেন । বর্ষসেরা তরুণ খেলোয়াড় হিসেবে মনোনীত হয়েছেন বায়ার্ন মিউনিখের তরুণ তুর্কী রেনাটো সানচেজ। এছাড়া বর্ষসেরা কোচের পুরস্কার পেয়েছেন জাতীয় দলের কোচ ফার্নান্দো সান্তোস। মিরর।