নওগাঁ শহরের আটাপট্টি এলাকায় একটি ভবনের চার তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ফায়ার সার্ভিসের ৪ জন সদস্য আহত হয়েছেন। এদের মধ্যে দুই জনকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দুই জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারন করতে পারেননি ফায়ার সার্ভিস।
সোমবার আড়াই টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে নওগাঁ ও মহাদেবপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করেছে। বিকেল সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, শহরের আটাপট্টি এলাকায় আরএফএল প্লাস্টিকের ডিলার মজনু নামের এক ব্যক্তির ‘বাণিজ্যালয়’ নামে পঞ্চম তলা ভবনের চার ও তিনতলা আবাসিক। এছাড়া প্রথম, দ্বিতীয় ও পঞ্চম তলা আরএফএল প্লাস্টিকের গোডাউন। আগুনের সূত্রপাত হয় ভবনের পূর্ব দিকের পাঁচ তলা থেকে। এরপর ওই তলার সবদিকে আগুনে ছড়িয়ে পড়ে। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা কেউ বলতে পারছেন না।
আগুন লাগার সংবাদ পেয়ে নওগাঁ ও মহাদেবপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ছুটে আসে।
আরও পড়ুন: বিবাহ বিচ্ছেদের খবরে ক্ষুব্ধ প্রিয়ঙ্কা, নিবেন আইনি পদক্ষেপ
জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক এ কে এম মোর্শেদ জানান, সোমবার বেলা আড়াইটার দিকে মজনুর রহমান নামের এক ব্যবসায়ীর প্লাস্টিক সরঞ্জামের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে নওগাঁ ও মহাদেবপুর ফায়ার সার্ভিসের চারটি গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়েছে।
জেলা প্রশাসক মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ‘অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। তবে ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।’
ইত্তেফাক/কেকে