নিখোঁজের দুই বছর পর মঙ্গলবার সকালে জেলার কালীগঞ্জ থানায় কিশোর শিপন (১৪) এসে স্বেচ্ছায় হাজির হয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চ্যেলের সৃষ্টি হয়েছে।
কালীগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, জেলার কালীগঞ্জ উপজেলার দক্ষিণ ভাটমারী গ্রামের শফিকুলের পুত্র শিপন (১৪) দুই বছর পূর্বে কুমিল্লার উত্তর রামপুর গ্রামে কাজের সন্ধানে গিয়ে নিখোঁজ হয়ে যায়। এই নিখোঁজের ঘটনায় শিপনের পিতা বাদী হয়ে কুমিল্লার উত্তর রামপুর গ্রামের সেলিম আহম্মেদের নামে মামলা করে। পুলিশ তাঁর (সেলিম আহম্মেদের) বিরুদ্ধে চার্জশীট দিলে তাকে আটক করে পুলিশ। দীর্ঘদিন সেলিম আহম্মেদ জেলহাজতে থাকে।
অবশেষে মঙ্গলবার নিখোঁজ শিপন (১৪) স্বেচ্ছায় কালীগঞ্জ থানায় হাজির হয়। এতোদিন ধরে সে সিলেটে ছিল বলে পুলিশকে জানায়। কালীগঞ্জ থানার ওসি মো. মকবুল হোসেন জানান, শিপন থানায় হাজির হলে তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। মঙ্গলবার তার জবানবন্দী রেকর্ড করতে দুপুরে লালমনিরহাট ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
শিপনের পিতা শফিকুল ইসলাম জানান, তার সন্তানকে ফেরত পেয়ে পরিবারের সকলে খুশি। তার নিখোঁজের বিষয়ে এখন কারো বিরুদ্ধে কোন অভিযোগ নেই।