যুক্তরাষ্ট্রে পাড়ি দিবেন সোয়েনস্টেইগার

যুক্তরাষ্ট্রের মেজর সকার লীগ (এমএলএস)-এর ক্লাব সিকাগো ফায়ারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন জার্মান জাতীয় দলের সাবেক অধিনায়ক ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা ফুটবলার বাস্তিয়ান সোয়েনস্টেইগার। বিষয়টি নিশ্চিত করেছে প্রিমিয়ার লীগের জায়ান্ট ক্লাবটি।
 
হোসে মরিনহো ইউনাইটেডের কোচের দায়িত্ব গ্রহণ করার পর থেকেই উপেক্ষিত হতে থাকেন জার্মানকে ২০১৪ বিশ্বকাপের শিরোপা এনে দেয়া সোয়েনস্টেইগার। ফলে সেখানে বেশ অসন্তুষ্টই ছিলেন তিনি। 
 
 
৩২ বছর বয়সী এই জার্মান তারকা জাতীয় দলের হয়ে ১২১ ম্যাচে অংশ নিয়ে ২৪টি গোল করেছেন। এখন তিনি যুক্তরাস্ট্রে পাড়ি জমানোর প্রস্তুতি নিচ্ছেন। এ জন্য ডাক্তারী পরীক্ষা ভিসা গ্রহণের অপেক্ষায় আছেন তিনি। ইউনাইটেডের ওয়েবসাইটকে দেয়া সাক্ষাৎকারে সোয়েনস্টেইগার বলেছেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেডে বিপুল সংখ্যক বন্ধুকে ফেলে চলে যেতে হচ্ছে বলে আমি খুবই দুঃখিত। তবে সিকাগো ফায়ারের হয়ে নতুন চ্যালেঞ্জ গ্রহণের সুযোগ করে দেয়ায় আমি ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে কৃতজ্ঞ। 
 
 
সাবেক একনম্বর র‌্যাংকধারী মহিলা টেনিস তরকা আনা ইভানোভিচের সঙ্গে সদ্য দাম্পত্য জীবন শুরু করা সোয়েনস্টেইগার কোচ হোসে মরিনহো এবং সতীর্থ খেলোয়াড়দেরকেও এ জন্য ধন্যবাদ জানান। বলেন, ‘কোচের সঙ্গে কাজ করাটিকে আমি দারুণভাবে উপভোগ করেছি। উপভোগ করেছি খেলোয়াড় ও স্টাফদের সান্নিধ্য। এ জন্য তাদের সবার প্রতি রইল শুভ কামনা। আমি ইউনাইটেড সমর্থকদের বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই, যাদের আকুন্ঠ সমর্থন পেয়ে আমি ইউনাইটেডে থাকাকালীন সময়গুলোকে উপভোগ্য করে তুলতে পেরেছি।’
 
২০১৫ সালে ইউনাইটেডে যোগ দেয়ার আগে ক্লাব ক্যারিয়ারের পুরোটাই জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখে কাটিয়েছেন সোয়েনস্টেইগার। ক্লাবের অজ্ঞাত একটি সুত্রমতে ৪.৫ মিলিযন মার্কিন ডলালের বিনিময়ে এক বছরের জন্য মার্কিন ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন এই জার্মান তারকা। এটি এমএলএসে সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত খেলোয়াড়দের একজনে পরিণত করেছে তাকে।