দেশের মানুষের স্বার্থবিরোধী কোনো চুক্তি হবে না: ওবায়দুল কাদের

বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের ১৬ কোটি মানুষের স্বার্থের বাইরে গিয়ে ভারতের সাথে কোন চুক্তি করা হবে না। দেশের সার্বভৌমত্ব সমুন্নত রেখেই সব চুক্তি সম্পাদিত হবে।
 
মঙ্গলবার বিকালে সিলেট যাত্রাকালে ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের শাহবাজপুরে সেতুমন্ত্রী এসব কথা বলেন। সাংবাদিকদের অপর  প্রশ্নের জবাবে তিনি বলেন বিএনপি একটি বড় রাজনৈতিক দল । নির্বাচনে অংশ নেয়া তাদের রাজনৈতিক অধিকার। তারা গোপনে নির্বাচনের প্রস্তুতি নিলেও তা প্রকাশ করছে না। আশা করি বিএনপি তার ভুলের পুনরাবৃত্তি করবেনা। 
 
এ সময় উপস্থিত ছিলেন জেলা  প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান,সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী  আবু এহতেশাম রাশেদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ। পরে তিনি সিলেটের উদ্দেশ্য যাত্রা করেন।