সিরাজগঞ্জে ৩ মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

মাদক মামলায় সিরাজগঞ্জে ৩ মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা প্রদান করেছে আদালত।  মঙ্গলবার বিকেল ৩টায় সিরাজগঞ্জ অতিরিক্ত দায়রা জজ (২য় আদালত) আদালতের বিচারক বেগম শেখ মেরীনা সুলতানা এ রায় প্রদান করেন। 
 
দণ্ডপ্রাপ্তরা হলেন: জয়পুর হাট জেলার পাঁচবিবি উপজেলার রামচন্দ্রপুর গ্রামের কফিল উদ্দিনের ছেলে শামীম খান (২৮), একই গ্রামের আকতার হোসেন মণ্ডলের ছেলে হেলাল মণ্ডল (৪৯) ও ময়েন উদ্দিনের ছেলে আব্দুল হান্নান (২৯)। দণ্ডপ্রাপ্তদের মধ্যে শামীম খান পলাতক রয়েছেন। বাকি দুই আসামীর উপস্থিতিতে আদালত এ রায় প্রদান করেন। মামলার নথি সূত্রে জানাযায়, ২০১০ সালের ২০ মার্চ বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম গোল চত্বর এলাকায় বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায় পুলিশ ।  
 
সকালে জয়পুরহাট জেলা থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার (চট্টগ্রাম মেট্রো ক-০২-১৭৭৩) গোল চত্বর এলাকায় পৌছলে পুলিশ প্রাইভেটকারটির গতিরোধ করে তল্লাশি চালায়।  এসময় প্রাইভেট কারে থাকা ৮৫০পিচ মাদক জাতীয় ইনজেকশন,  ২৫ লিটার তরল ফেন্সিডিল ও ১৭০টি কালো রংয়ের ফেন্সিডিল বোতলের কর্ক উদ্ধার ও ৩ মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। 
 
এ ঘটনায় বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) আকরাম আলী বাদী হয়ে ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯ (১) এর টেবিল ২ (খ) ৩ (খ) ধারায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ২০১০ সালের ২১ এপ্রিল ৩ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করে তদন্তকারী কর্মকর্তা। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আজ এ মামলায় রায় প্রদান করা হয়।