গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিক নিহত

গাজীপুরে বিদ্যুতের খুঁটিতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে গাজীপুর মহানগরীর রওশন সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. আজাদের (৩০) বাড়ি টাঙ্গাইল জেলার ঘাটাইল এলাকায়। 
 
গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (রক্ষণাবেক্ষণ) এস এম নাহিদ সিরাজ জানান, গত কয়েকদিন ধরে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের গাজীপুর প্রকল্পের আওতায় রওশন সড়ক এলাকায় পল্লী বিদ্যুতের ১১ কেবির লাইন সিঙ্গেল ফেইজ থেকে থ্রি ফেইজে উন্নীত করণের কাজ চলছিল। ঠিকাদারের লোকজন বিদ্যুত সরবরাহ বন্ধ না করে মঙ্গলবার সকাল থেকে ওই লাইনের পাশে বিদ্যুতের নতুন খুঁটি স্থাপনের জন্য কাজ করছিল। বিকেল সাড়ে ৩টার দিকে খুঁটি বেয়ে নীচে নামার সময় শ্রমিক আজাদ পাশের ১১ কেবির বিদ্যুতের তারে জড়িয়ে যায়। এতে শরীরের বিভিন্ন অংশ পুড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।