কুমিল্লার চৌদ্দগ্রামের হায়দার পুলে আগুন লাগিয়ে কাভার্ডভ্যান পোড়ানোর মামলার পরবর্তী শুনানি আগামী ১৫ মে ধার্য করেছে আদালত। কুমিল্লা জেলা ও দায়রা জজ মো. আলী আকবর এ আদেশ দেন। ওই মামলার অন্যতম আসামি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ চার্জশিটভুক্ত ২৬ জন আসামির মধ্যে আদালতে হাজির না হওয়া আসামিদের মালক্রোকের আদেশ জারির নির্ধারিত দিন ধার্য ছিল সোমবার (১ এপ্রিল)। ওই মামলার শুনানিকালে খালেদা জিয়ার আইনজীবীরা সময়ের আবেদন করলে আদালত পরবর্তী শুনানির দিন আগামী ১৫ মে ধার্য করেন।
আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবু জাফর বলেন, ‘খালেদা জিয়া এ মামলায় হাইকোর্টের দেওয়া জামিনে আছেন, আদালত মামলার পরবর্তী শুনানি আগামী ১৫ মে ধার্য করেছে।
উল্লেখ্য, ২০১৫ সালের ২৫ জানুয়ারি সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার হায়দার পুল এলাকায় একটি কাভার্ডভ্যানে আগুন লাগানো হয়।ক্ষতিসাধন করার অভিযোগে চৌদ্দগ্রাম থানার এসআই নূরুজ্জামান হাওলাদার বেগম খালেদা জিয়াকে হুকুমের আসামি করে ৩২ জনের বিরুদ্ধে একটি নাশকতা মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার তদন্ত শেষে বেগম খালেদা জিয়াসহ ২৬ জনের নামে আদালতে চার্জশিট দাখিল করা হয়।
ইত্তেফাক/কেকে