রাঙ্গামাটিতে উগ্রবাদী সন্দেহে আটক ৬জন জেলহাজতে

রাঙ্গামাটি শহরের ডিসি বাংলোর পার্ক থেকে জঙ্গি সন্দেহে আটক ৬জনকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার দেখিয়ে পুলিশ ৭ দিনের রিমান্ড চেয়েছে। কিন্তু রাঙ্গামাটির বিচারিক আদালত বুধবার মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। 
 
রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার জানান, রাঙ্গামাটির আদালতে আটক ৬ সন্দেহভাজনকে হাজির করে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। রাঙ্গামাটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফ উদ্দিন খালেদ এর আদালতে সংক্ষিপ্ত শুনানি শেষে মামলার পরবর্তী দিন ধার্য করে ৬ জনকে জেল হাজতে প্রেরণের আদেশ দেয়া হয়।
 
উল্লেখ্য, রাঙ্গামাটি ডিসি বাংলো পার্কে রবিবার রাতে গোপন বৈঠক করার সময় ডিবি পুলিশ অভিযান চালিয়ে জঙ্গি সন্দেহে রংপুরের ছাত্র শিবিরের সাবেক সভাপতিসহ ৬জনকে আটক করে। আটককৃতদের কাছ থেকে জেহাদি বইসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়।