আইনি সেবার বিষয়ে জনগণকে সচেতন করতে পোস্টার

তৃণমূল পর্যায়ে বিচারপ্রার্থী জনগণকে সরকারি আইনি সহায়তা সেবা পাওয়ার বিষয়ে সচেতন করার লক্ষে বিলি করা হচ্ছে লিগ্যাল এইড পোস্টার। মঙ্গলবার সচেতনমূলক এ ধরনের কয়েক হাজার পোস্টার দেশের প্রত্যোক ইউনিয়ন, উপজেলা ও জেলায় পাঠানো হয়েছে। পাশাপাশি দেশের সকল কারাগারেও পাঠিয়েছে এসব পোস্টার। সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে এই পোস্টার বিলি করছে। জেলা লিগ্যাল এইড অফিস দেশের সকল উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কাছে এই পোস্টার পাঠাবেন। 
 
গত ২৮ জানুয়ারি প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এই সচেতনতামূলক পোস্টার উন্মোচন করেন। সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি ও মানুষের জন্য ফাউন্ডেশন যৌথভাবে দেশের সর্বোচ্চ আদালতে সরকারি আইনি সেবা প্রদান সংক্রান্ত বিষয়ে এই ‘লিগ্যাল এইড পোস্টার’ প্রকাশ করেছে। এর মূল্য উদ্দেশ্য হচ্ছে, উচ্চ আদালতে সরকারি আইনি সেবা সম্পর্কে তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধি করা।