ডোমারে অজ্ঞাত দুই তরুণের মরদেহ উদ্ধার

হত্যার পর দুই অজ্ঞাত তরুণকে রেললাইনের ওপর ফেলে দিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। অজ্ঞাত এই দুই তরুণের লাশ সৈয়দপুর জিআরপি থানা পুলিশ উদ্ধার করেছে। 
 
আজ বুধবার সকালে নীলফামারীর ডোমার উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের চিলাহাটি রেলপথের মিরজাগঞ্জ রেলস্টেশনের এক কিলোমিটার অদূরে মাঝাপাড়া ও সওদাগড়পাড়া গ্রাম দুইটির সীমারেখা থেকে এই লাশ দুইটি উদ্ধার করা হয়।
 
দুই তরুণের মধ্যে একজনের বয়স ১৮ এবং অপরজনের ১৬। একজনের পরনে ছাই রঙের ফুলপ্যান্ট ও লাল জ্যাকেট ও অপরজনের পরনে রয়েছে কালো রঙের প্যান্ট ও হলুদ খয়রি রঙের টি-শার্ট। মুখমণ্ডলে কালি মাখানো ও শরীরের পেছনে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাদের পকেটে  সৈয়দপুর উপজেলা হোটেল ও রেস্তোরা  মালিক সমিতি, রেজিঃ নং-১৯৪২ নম্বরের চাঁদা আদায়ের ২০ টাকার রশিদ পাওয়া যায়। সেখানে মঈন উদ্দিন ও রাব্বী নাম লেখা রয়েছে। এতে ধারণা করা হচ্ছে এরা সৈয়দপুরের কোন হোটেলের শ্রমিক ও নাম দুইটি তাদের দুইজনের।
 
এলাকাবাসী ধারণা করছে অজ্ঞাত তরুণ দুইটি ট্রেনে কাটা নয়। তাদের দুর্বৃত্তরা হত্যার পর রেললাইনের ধারে ফেলে রেখে পালিয়ে যায়। সকালে এলাকাবাসী তা দেখতে পেলে খবরটি ছড়িয়ে পড়ে।
 
জেলা পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য আতাউর রহমান সাজু ও জোড়াবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসান জানান, তরুণ দুইজন এলাকার নয়। লাশের অবস্থা দেখে বোঝা যাচ্ছে এরা ট্রেনে কাটা নয়। তাদের হত্যার পর ফেলে রেখে রাখা হয়।  
 
সৈয়দপুর জিআরপি (রেলপুলিশ) থানার ওসি একেএম লুৎফর রহমান বলেন, ঘটনাটি রহস্যজনক। অজ্ঞাত লাশ দুইটি সকাল সাড়ে ১০টায় উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।