সামিনা-সজীবের মিউজিক ভিডিওতে ফেরদৌসী প্রিয়ভাষিণী

 
রবি ঠাকুরের গানে মা ও মাতৃভূমি’কে সম্মান জানালেন সংগীত তারকা সামিনা চৌধুরী ও স্বপ্নীল সজীব। বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসের গৌরবের ৪৬ বছরে শিল্পীদের এই স্বদেশ বন্দনা।
 
এই গানের চিত্রণে দেখা যাবে একাত্তরের মুক্তিযোদ্ধা, স্বাধীনতা পদকপ্রাপ্ত বিশিষ্ট ভাষকর ফেরদৌসী প্রিয়ভাষিণীকে। সামিনা চৌধুরী বরি ঠাকুরের গানকে ভালোবেসে একটি পূর্ণাঙ্গ অ্যালবাম প্রকাশ করেন।
 
তিনি বলেন, রবি ঠাকুরের বাণীতে আমি সবসময়ই অনুপ্রাণিত। দেশের মাটিকে ভালোবেসে , মাতৃভূমিকে ভালোবেসে ও ১৯৭১ এর সকল নারী মুক্তিযোদ্ধাদেরকে সম্মান জানানো হয়েছে “ও আমার দেশের মাটি তোমার পড়ে ঠেকাই মাথা' গানটিতে। আমি উচ্ছ্বাসিত স্বপ্নীলের এই অনন্যসাধারণ প্রয়াসে। স্বপ্নীল অত্যন্ত সুরেলা একটি কণ্ঠ এবং বিনয়ী শিল্পী, আর ফেরদৌসী আম্মা আমাদের গৌরব, অত্যন্ত যত্নে তার স্নেহাচলে আমরা লালিত। “সেই সকল সহা সকল বহা মাতার মাতাকে” এই চিত্রণে পেয়ে আমরা ভীষণ আনন্দিত।
 
বিশিষ্ট ভাষকর ফেরদৌসী প্রিয়ভাষিণী বলেন, গানটি শুনে আমি মুগ্ধ, যখন গানটি আমি শুনলাম, আমার চোখের জল আমি আটকাতে পারি নি। অনেক সয়েছে এই দেশ, অনেক বিসর্জনের মাধ্যমে এই স্বাধীনতা,বিজয়ের ৪৬ বছরেও এই ত্যাগ জাতি শ্রদ্ধাভরে স্মরণ করছে। এই মা মাটি মানুষের গানে আমি যোগ হতে পেরে গৌরবান্বিত বোধ করছি। 
 
শিল্পীদ্বয় প্রতিষ্ঠানের কর্ণধার বিশিষ্ট স্থপতি ও সঙ্গীত শিল্পী মুস্তফা খালিদ পলাশ’কে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন এই স্বদেশভক্তি গানটিকে বিনির্মাণে সহায়তা করার জন্য। গানটির সঙ্গীতায়জন করেছেন ভারতের সঙ্গীতপরিচালক প্রদ্যোত। রেকর্ড হয়েছে ভারতের স্টুডিও ভাইব্রেশন ও বাংলাদেশের নিঃশব্দে। মাস্টার মিক্সিং করেছেন গৌতম বসু। 
 
শিল্পীদের পোশাক ও রূপ বিন্যাস করেছেন বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহা। আলোকচিত্রে ছিলেন শিথীল রহমান। গানটির ভিডিও পরিচালনা করেছেন বর্ণ চক্রবর্তী ও সাফায়েত বাঁধন। আগামী ৮ই মার্চ বিশ্ব নারীদিবসে ইউটিউবসহ বাংলাদেশের সকল চ্যানেল এ  প্রকাশিত হয়।
ইত্তেফাক/আনিসুর