প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেলেন খুবির ৬ শিক্ষার্থী

পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ছয়জন  শিক্ষার্থী ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ লাভ করেছেন। 
 
বুধবার সকালে ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের এই স্বর্ণপদক ও সনদ প্রদান করেন। এর মধ্যে ২০১৩ সালে জীব বিজ্ঞান স্কুলের (অনুষদের) সর্বোচ্চ জিপিএ অর্জনকারী (জিপিএ ৪ এর মধ্যে ৩.৯৫) ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের শারমীন আকতার এবং ২০১৪ সালের ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলে সর্বোচ্চ জিপিএ অর্জনকারী (জিপিএ ৪ এর মধ্যে ৪) ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের জান্নাতুল ফেরদৌস বৃষ্টি অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক ও সনদ গ্রহণ করেন।
 
অপর চারজন প্রধানমন্ত্রীর স্বর্ণপদক প্রাপ্তরা হলেন ২০১৩ সালের সমাজ বিজ্ঞান স্কুলের অর্থনীতি ডিসিপ্লিনের অপূর্ব রায়। তিনি জিপিএ ৪ এর মধ্যে ৩.৮ পান। একই সালে বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের গণিত ডিসিপ্লিনের আফরোজা পারভীন জিপিএ ৪ এর মধ্যে ৩.৯১, ২০১৪ সালে সমাজ বিজ্ঞান স্কুলের অর্থনীতি ডিসিপ্লিনের নূসরাত জাহান জিপিএ ৪ এর মধ্যে ৩.৮৬ এবং একই সালে জীব বিজ্ঞান স্কুলের ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের শারমীন সুলতানা পান জিপিএ ৪ এর মধ্যে ৩.৮৫।
 
এদিকে, ৬ মেধাবী শিক্ষার্থী প্রধানমন্ত্রীর স্বর্ণপদক পাওয়ায় তাদেরকে অভিনন্দন জানিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান।