খুলনায় স্ত্রী সাবিনা বেগমকে হত্যা মামলায় স্বামী লুৎফর শেখকে (৩৫) ফাঁসিতে ঝুঁলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
বুধবার খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এম এ রব হাওলাদার এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত লুৎফর রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। লুৎফর খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার গোনালী গ্রামের মৃত লুৎফর শেখের ছেলে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে ২০০৭ সালের ১৭ জানুয়ারি ডুমুরিয়ার গোনালী গ্রামে নিজ বাড়িতে স্বামী লুৎফর শেখ তার স্ত্রী সাবিনা বেগমকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় সাবিনার মা সখিনা বেগম ডুমুরিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ডুমুরিয়া থানার উপ-পরিদর্শক লস্কর জাহিদুল একই বছরের ২১ এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত ১৪ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্য গ্রহণ করেন।