এসডিজির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বাজেট তৈরির পরামর্শ সানেমের

টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনের লক্ষ্যে আসছে বাজেটে দেশের বিভিন্ন মন্ত্রণালয়কে এসডিজির সঙ্গে সামঞ্জস্য রেখে বাজেট প্রণয়নের আহ্বান জানিয়েছে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম)। সেই সঙ্গে বাজেটে বরাদ্দের সঠিক ব্যয় নিশ্চিত করারও পরামর্শ দিয়েছে গবেষণা প্রতিষ্ঠানটি।

গতকাল বুধবার রাজধানীর ব্র্যাক সেন্টারে সানেম আয়োজিত ‘বাংলাদেশের অর্থনীতির ত্রৈমাসিক পর্যালোচনা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে এ পরামর্শ দেন সানেম নির্বাহী পরিচালক অর্থনীতিবিদ সেলিম রায়হান। তিনি বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের সঙ্গে ‘ওভারল্যাপ’ করে, মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয়ের অভাব এসডিজি বাস্তবায়নে অন্যতম প্রতিবন্ধকতা হিসেবে কাজ করছে। মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয় বাড়াতে আসন্ন বাজেটে একটি ‘এসডিজি পর্যবেক্ষণ অধ্যায়’ রাখার পরামর্শ দেন তিনি।

২০১৫-১৬ অর্থবছরে দেশের সব মন্ত্রণালয়ে বিভিন্ন খাতে বরাদ্দ ও খরচের তথ্যের ওপর ভিত্তি করে মন্ত্রণালয়গুলোর এসডিজি পূরণে সক্রিয়তা সংক্রান্ত একটি গবেষণার ফল প্রকাশ করা হয়। এতে সেলিম রায়হান উল্লেখ করেন, মন্ত্রণালয়গুলোর মোট খরচের ৬৫ শতাংশ এসডিজির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত হলেও বাস্তবে তার অনেক কম হচ্ছে। উদাহরণ দিয়ে বলা হয়, গবেষণায় দেখা গেছে দেশের জনপ্রশাসন খাতে ৩৩ দশমিক ২ শতাংশ, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ২৯ দশমিক ২ শতাংশ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাড়ে ৩৮ শতাংশ, প্রতিরক্ষা খাতে ১৫ দশমিক ১ শতাংশ, ভূমি ২৭ দশমিক ৪ শতাংশ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে ৩১ দশমিক ৬ শতাংশ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেটে দশমিক ৮ শতাংশ এসডিজির সঙ্গে সম্পর্কিত। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং শিক্ষা মন্ত্রণালয়ের বাজেট এসডিজি সামঞ্জস্যপূর্ণ হলেও মানসম্মতভাবে খরচ করা হচ্ছে না বলে উল্লেখ করেন তিনি। জিডিপির শতাংশ হিসেবে শিক্ষা ও স্বাস্থ্য খাতে সরকারি ব্যয় বর্তমানে যথাক্রমে ২ শতাংশ ও ১ শতাংশ হলেও তা ২০৩০ নাগাদ ৪ শতাংশে উন্নীত করতে হবে।

ইত্তেফাক/নূহু