গত ১৬ই মার্চ গাইবান্ধার সাদুল্লাপুর এবং ১৮ই মার্চ নীলফামারীর কিশোরগঞ্জে আনুষ্ঠানিকভাবে শুরু হল 'গ্রিন স্কুল প্রজেক্ট-২০১৭'। কিশোরগঞ্জ উপজেলায় আয়োজিত 'গ্রিন স্কুল প্রজেক্ট-২০১৭'-এর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মো. মাহফুজুর রহমান।
তিনি বলেন, 'কিশোরগঞ্জ উপজেলায় গ্রিন স্কুল প্রজেক্টের কার্যক্রম শুরু হওয়াতে আমরা আনন্দিত। আশা করি গ্রিন স্কুলের কার্যক্রমের মাধ্যমে আমাদের এই অঞ্চলের অবহেলিত ছাত্রছাত্রীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে।'
অনুষ্ঠানে সার্বিকভাবে সহায়তা করে কিশোরগঞ্জ উপজেলা নাগরিক কমিটি। সংগঠনটির মহাসচিব শরিফুল ইসলাম সাজু বলেন, 'গ্রিন বাংলাদেশের এই প্রজেক্টের মাধ্যমে এলাকার সাধারণ শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে এবং তারা তাদের সন্তানদের প্রতি আরো দায়িত্বশীল হবেন।'
তিনি গ্রিন স্কুল প্রজেক্ট ২০১৭ এবং গ্রিন বাংলাদেশের সকল কার্যক্রমের সাফল্য কামনা করেন।
এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন গ্রিন বাংলাদেশের অর্থ অধিকারিক মো. মিনহাজ আবির এবং গবেষণা ও উন্নয়ন কর্মকর্তা এস এম মামুনুর রহমান।
এ প্রজেক্টের আওতায় সাদুল্লাপুর উপজেলার ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ২০ জন এবং কিশোরগঞ্জ উপজেলার ৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৫ জন শিক্ষার্থীকে বৃত্তির সনদ প্রদান করা হয়। সনদপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে এপ্রিল ২০১৭ থেকে আগামী এক বছরের জন্যে মাসিক বৃত্তি প্রদান করা হবে।
অপেক্ষাকৃত অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলী বিকশিত করা ও তাদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে গ্রিন স্কুল প্রজেক্টের মাধ্যমে এই বৃত্তি প্রদান করছে গ্রিন বাংলাদেশ। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা নিজ নিজ স্কুলের পরিচ্ছন্নতার দিকে লক্ষ্য রাখবে এবং সহপাঠীদেরকে এ ব্যাপারে উৎসাহিত করবে। এ ছাড়াও শিক্ষার্থীরা সারা বছরব্যাপী গ্রিন স্কুল প্রজেক্টের বিভিন্ন সেমিনার, লিডারশিপ প্রোগ্রাম ইত্যাদিতে অংশগ্রহণ করবে।
ইত্তেফাক/রাফাত