ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা সদর উপজেলার কুছন্দি এলাকায় আজ বৃহস্পতিবার ভোরে ৫টার দিকে পিকআপ ভ্যান-ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহত দুইজনই পিকআপ ভ্যানের চালক ও হেলপার।
মাগুরা হাইওয়ে পুলিশের এস আই আব্দুর রউফ জানান, ভোর পাঁচ টার দিকে হাইওয়ে সড়কের কুছন্দি এলাকায় মাগুরা থেকে-ফরিদপুরমুখী একটি বালু ভর্তি ট্রাকের সঙ্গে বিপরীতমুখী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই পিকআপের হেলপার মারা যায়। মুমূর্ষা অবস্থায় চিকিৎসার জন্য মাগুরা সদর হাসপাতালে নেয়া হলে ভর্তির কিছু সময় পর পিকআপ চালক আবু হানিফ (৩০) এর মৃত্যু হয়।
নিহত আবু হানিফ নারায়ণগঞ্জের মধ্য সস্তাপুর গ্রামের লাল মিয়ার ছেলে। পকেটে থাকা পরিচয়পত্রের সূত্র ধরে তার পরিচয় জানা গেলেও নিহত হেলপারের পরিচয় পাওয়া যায়নি।
দুর্ঘটনা কবলিত ট্রাক-পিকআপ পুলিশ হেফাজতে রয়েছে। তবে ট্রাকের চালক পালিয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ। লাশ দুটি সদর হাসপাতালে রয়েছে।
ইত্তেফাক/রাফাত