মুন্সিগঞ্জে আকিজ গ্রুপের আফিল পেপার মিলে অগ্নিকাণ্ড

 
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভাতেরচর এলাকায় অবস্থিত আকিজ গ্রুপের একটি প্রতিষ্ঠান আফিল পেপার মিলে (লি.) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকালে সাড়ে ১১ টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে বলে জানিয়েছে স্থানীয়রা। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে।
 
ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল মান্নান জানান, আগুন লাগার খবর পাওয়ার পর আমাদের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছে। এখনো আগুন লাগার কারণ সম্পর্কে আমরা নিশ্চিত নই। আগুন নেভানোর পর তদন্ত শেষে বিস্তারিত জানাতে পারব।
 
এদিকে পেপার মিলে অগ্নিকাণ্ডের সময় কাজ করা মেকানিক শফিকুল ইসলাম বলেন, ফ্যাক্টরিতে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। ওয়েল্ডিংয়ের আগুন থেকে পাশে রাখা কাগজে আগুন ধরে যায়। পেপার মিল হওয়ায় আগুন দ্রুত চারিদিকে ছড়িয়ে পরে।
 
তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোন হতাহতের ঘটনা ঘটে নি।
 
ইত্তেফাক/রাফাত