ট্রাম্পের পর ন্যাটোর অর্থায়ন নিয়ে মন্তব্য পেন্টাগন প্রধানের

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস বুধবার আইনপ্রণেতাদের বলেন, ন্যাটো এর সদস্য রাষ্ট্রগুলোর ‘অতীতের অপরিশোধিত অর্থের’ হিসেব রাখেনা। জার্মানির কাছ থেকে ন্যাটোর বিপুল অঙ্কের অর্থ পাওনা হয়েছে বলে ট্রাম্পের টুইটের কয়েকদিন পর ম্যাটিস এ মন্তব্য করলেন। 
 
ওয়াশিংটনে সিনেটকে ম্যাটিস বলেন, ‘আমি এই সংস্থাটির বিগত অপরিশোধিত অর্থের হিসেবে দিতে পারব না। কারণ ন্যাটো সদস্যরাষ্ট্রগুলোর প্রদত্ত অর্থের হিসেব রাখে না।’ 
 
গত সপ্তাহে হোয়াইট হাউসে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প এক টুইট বার্তায় লিখেন, ‘ন্যাটোর কাছে জার্মানির বিপুল অঙ্কের ঋণ রয়েছে। জার্মানিকে শক্তিশালী ও অত্যন্ত ব্যয়বহুল প্রতিরক্ষা সুবিধা পেতে তাদের ন্যাটো এবং যুক্তরাষ্ট্রকে আরো অর্থ দিতে হবে।’
 
চুক্তি অনুযায়ী ন্যাটো সদস্যদের তাদের যার যার জাতীয় প্রবৃদ্ধির শতকরা ২ ভাগ ন্যাটোতে খরচ করতে হবে। কিন্তু সেই অর্থ কাঙ্ক্ষিত মাত্রায় আসছে না। সংস্থাটির বার্ষিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ২৮ সদস্যের ন্যাটোর মাত্র পাঁচটি দেশ তাদের নির্ধারিত অর্থ দিয়ে যাচ্ছে। দেশগুলো হচ্ছে- যুক্তরাষ্ট্র, গ্রিস, পোল্যান্ড, এস্তোনিয়া ও ব্রিটেন। অন্যরা ২০২৪ সালের মধ্যে তাদের নির্ধারিত প্রবৃদ্ধির শতকরা দুই ভাগ দেয়ার পরিকল্পনা করছে।
 
পেন্টাগন প্রধান বলেন, ‘আমরা সামর্থ্যের ভিত্তিতে এটা করে যাচ্ছি। এভাবে অর্থ প্রদানে প্রতিটি সদস্য দেশ প্রতিশ্রুতিবদ্ধ।’ এএফপি।