রাজধানীতে পৃথক ঘটনায় প্রকৌশলীসহ তিনজন অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন।
তারা হলেন- মিরপুরে প্রকৌশলী জহুরুল ইসলাম (৪৫), গুলিস্তানে পরিমল সরকার (২৭) ও বিদ্যুৎ (২৩)। তাদের তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জহুরুলের শ্যালক আশরাফুল হক সুমন জানান, এমএইচডি প্রপার্টিজ লিমিটেডের প্রকৌশলী ছিলেন জহুরুল। বৃহস্পতিবার সকালে তিনি বারিধারার অফিস থেকে বের হন। মিরপুর আনসার ক্যাম্পের জাবালে তুর পরিবহন কাউন্টারে অচেতন হয়ে তিনি পড়ে ছিলেন। খবর পেয়ে দুপুরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। জহুরুলের কাছে ৫০ হাজার টাকা থাকলেও তা পাওয়া যায়নি।
পরিমল ও বিদ্যুতের স্বজন মিথুন জানান, পরিমল ও বিদ্যুৎ মামাতো-ফুফাতো ভাই। তাদের বাড়ি নাটোরের বড়াইগ্রাম থানার পিওহাট গ্রামে। বিদ্যুৎ ঢাকার উত্তরায় সিকিউরিটি গার্ডের চাকরি করেন। আর পরিমল সিঙ্গাপুর যাওয়ার জন্য পল্টনের একটি এজেন্সিতে টাকা জমা দিতে গ্রামের বাড়ি থেকে ঢাকায় আসেন। বৃহস্পতিবার দুপুরে তারা ভাটারা এলাকা থেকে সু-প্রভাত পরিবহনে পল্টন যাওয়ার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। খবর পেয়ে গুলিস্তান থেকে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। তাদের দেড় লাখ টাকা খোয়া গেছে।