এটিএন বাংলায় প্রচারিত হলো তুর্কি সিরিয়াল ‘জান্নাত’-এর ১০০ পর্ব। জনপ্রিয় এই সিরিয়ালটি প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় প্রচার হচ্ছে। এবার বঙ্গ বিডির ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত এই সিরিয়ালটি।
এক এতিম মেয়ের জীবন সংগ্রামকে কেন্দ্র করে নির্মিত হয়েছে তুর্কি সিরিয়াল জান্নাত। দারিদ্র্যের মধ্যে বড় হওয়া মেয়েটি আর্কিটেক্ট হয়ে তার স্বপ্নের ফার্মে যখন চাকরি পায় তখন সে ভাবতে শুরু করে তার জীবনের দুঃখ-দুর্দশা দূর হয়ে সাফল্য ধরা দিতে শুরু করেছে। কিন্তু সেই চাকরি পাওয়ার ঘটনা থেকেই তার জীবনে নতুন করে জটিলতা সৃষ্টি হয়। তাকে ফেলে যাওয়া মা ফিরে আসে আবার। তবে মাতৃসূলভ ভালোবাসা নিয়ে ফিরে আসে না মা। তীব্র বিদ্বেষ নিয়েই তার জীবনে আবির্ভূত হয় মা। অন্যদিকে তার জীবনে যে প্রেম আসে সেখানেও তার প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়ায় তার মায়েরই মেয়ে। এমন গল্প নিয়েই জান্নাত।
২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত জান্নাত পরিচালনা করেছেন সাদুল্লাহ জেলেন। প্রচারিত হয়েছে তুরস্কের অন্যতম শীর্ষস্থানীয় চ্যানেল এটিভি-তে।
এটি মূলত নির্মাণ করা হয় তুমুল জনপ্রিয় কোরিয়ান ‘টিয়ার্স অব হ্যাভেন’-এর কাহিনি অবলম্বনে।