রায়পুরে চিকিৎসকের অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ

 
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় চিকিৎসকের অবহেলার কারণে রোকছানা (১২) নামের এক পঞ্চম শ্রেণির স্কুল ছাত্রীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে পৌর শহরের নিরাময় হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। 
 
পরে রোগীর স্বজন ও স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। এসময় তারা উত্তেজিত হয়ে হাসপাতালের সামনে বিক্ষোভ করলে কর্তৃপক্ষ ও ডাক্তাররা হাসপাতাল বন্ধ করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রোকছানা পৌর দেনায়েতপুর গ্রামের সর্দার বাড়ির আবুল কাশেমের মেয়ে এবং  দেনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট চিকিৎসক।
 
রায়পুর থানার ওসি মোহাম্মদ লোকমান হোসেন বলেন, রোগীর স্বজনরা হাসপাতালের সামনে উত্তেজিত হওয়ার খবর পেয়ে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রোগীর পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ না করায় আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। এর পরেও যদি কেউ অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।