বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও দলটির অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ বলেছেন, যখনই দেশে আইনাশৃঙ্খলা বাহিনী কোন জঙ্গি বিরোধী অভিযান করে তখনই বিএনপি মহাসচিব মির্জা ফখরুলসহ বিএনপি নেতৃবৃন্দ সে অভিযান নিয়ে প্রশ্ন তোলেন? জঙ্গিদের কেন মারা হয়েছে এমন প্রশ্ন তুলে জঙ্গিদের জন্য মায়া কান্না দেখান। সারা বিশ্বে যখন শেখ হাসিনা সরকারের জঙ্গি বিরোধি তৎপরতা প্রশংসা পাচ্ছে সেখানে বিএনপি নেতৃবৃন্দের জঙ্গিদের জন্য এমন মায়াকান্নাই প্রমাণ করে বিএনপি বাংলাদেশে জঙ্গিদের মদদদাতা আর খালেদা জিয়ার আচলের তলা হচ্ছে জঙ্গিদের আশ্রয়স্থল।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হাছান মাহমুদ এ কথা বলেন। ২৫ মার্চকে "জাতীয় গণহত্যা দিবস" হিসেবে পালন করার জন্য জাতীয় সংসদে বিল পাশ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে এ সমাবেশের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফর নিয়ে বিএনপি জনগণকে বিভ্রান্ত করতে চাইছে এমন মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বার্থ আদায়ের জন্যই ভারতে যাচ্ছেন। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার আন্তর্জাতিক আদালতে ভারতের সাথে আইনি লড়াইয়ের মাধ্যমে সমুদ্রসীমা জয় করেছে। ভারত থেকে গঙ্গার ন্যায্য হিস্যা আদায়, সীমান্তচুক্তি, ছিটমহল সমস্যার সমাধান, পার্বত্য শান্তিচুক্তি এসব অর্জন কেবল সম্ভব হয়েছে শেখ হাসিনার নেতৃত্বেই। অপরদিকে বিএনপি নেত্রী প্রধানমন্ত্রী থাকাকালীন ভারত গিয়ে গঙ্গার পানি বন্টন নিয়ে সমস্যার কথা বেমালুম ভুলে গিয়েছিলেন। যা তিনি পরবর্তীতে স্বীকারও করেছিলেন।