হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১০টি স্বর্ণের বারসহ এক যাত্রীকে গ্রেফতার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। তার নাম মহিউদ্দিন মিয়া (৪২)। তার পায়ের তালুতে বিশেষ কায়দায় বেঁধে রাখা স্বর্ণের বারগুলো উদ্ধার হয়। প্রতিটি স্বর্ণের বারের ওজন ১০০ গ্রাম। উদ্ধার হওয়া স্বর্ণের বাজারমূল্য ৫০ লাখ টাকা।
শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, শুক্রবার সকাল ৭টায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কুয়ালালামপুর থেকে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন মহিউদ্দিন। এ সময় তার গতিবিধি সন্দেহ হয় শুল্ক গোয়েন্দা কর্মকর্তাদের। বিমানবন্দরে কাস্টমস হলের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাকে চ্যালেঞ্জ করা হয়। জিজ্ঞাসাবাদে মহিউদ্দিন তার কাছে স্বর্ণ থাকার কথা স্বীকার করছিলেন না। একপর্যায়ে তার দেহ তল্লাশি করে মোজার ভেতর দুই পায়ের তালুতে বিশেষ কায়দায় থাকা স্বচ্ছ স্কচটেপ থেকে দশটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
শুল্ক গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক মইনুল খান জানান, মহিউদ্দিন মালয়েশিয়ায় প্লাস্টিক কারখানায় কাজ করেন। গত দুই বছরে তিনি চারবার বিদেশ ভ্রমণ করেছেন। তার বাড়ি কুমিল্লার চান্দিনা থানার রসুলপুর এলাকায়। পাসপোর্ট নম্বর বিএইচ ০৯৫৪৩৫৫। মহিউদ্দিন ৫০ হাজার টাকার বিনিময়ে স্বর্ণ বহন করছিলেন বলে স্বীকার করেছেন। তাকে বিমান বন্দর থানায় সোপর্দ করা হয়েছে।