‘আলোকিত মানুষ চাই’ এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে বই পড়ে নিজেদের আলোকিত করার সাফল্যে সাড়ে তিন হাজার শিক্ষার্থীর পদচারণায় শুক্রবার মুখর ছিল খুলনা সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণ।
বিশ্বসাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচির সদস্য তারা। সারা বছর বই পড়েছে। এরপর মূল্যায়ন পরীক্ষায় অংশ নিয়ে সাফল্যের জন্য তাদের হাতে পুরস্কার তুলে দেয় বিশ্বসাহিত্য কেন্দ্র ও গ্রামীণফোন।
বিশ্বসাহিত্য কেন্দ্রের দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রমের আওতায় ২০১৬ সালে খুলনা মহানগরীর ৪১টি স্কুলের প্রায় ছয় হাজার শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশগ্রহণ করে। তাদের মধ্যে মূল্যায়নপর্বে কৃতিত্ব অর্জনকারীদের পুরস্কার প্রদানের জন্য করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে দিনব্যাপী পুরস্কার বিতরণ উৎসবের আয়োজন করা হয়। এ উৎসবে খুলনা মহানগরীর ৪১ টি স্কুলের তিন হাজার ৫৪৩ জন শিক্ষার্থীকে দুই পর্বে পুরস্কার দেয়া হয়।