স্বাস্থ্য বিল নিয়ে সংকটে রিপাবলিকানরা

যুক্তরাষ্ট্রে নতুন স্বাস্থ্য বিল নিয়ে সংকটে পড়েছেন রিপাবলিকানরা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকানদের স্বাস্থ্য বিল পাসে আল্টিমেটাম দিয়েছেন। এতে রিপাবলিকানরা উদ্বেগের মধ্যে পড়েছেন। তারা এখন নিজেদের মধ্যে মতপার্থক্য কমিয়ে বিলটি পাসের চেষ্টা চালাচ্ছেন। এদিকে নতুন স্বাস্থ্য বিলের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন ওবামাকেয়ার সমর্থকরা। খবর সিএনএন ও রয়টার্সের।
 
মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, অন্তত ৩৫ জন রিপাবলিকান নতুন স্বাস্থ্যবিলের বিপক্ষে ভোট দেওয়ার পরিকল্পনা করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ‘শুক্রবারের মধ্যে বিলটি পাস করুন, না হলে আমি আপনাদের ওপরই দোষ চাপাবো’। এই প্রথম প্রেসিডেন্ট ট্রাম্পের আমলে কোনো গুরুত্বপূর্ণ বিল পাস হতে যাচ্ছে। এর মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প দলের কংগ্রেসম্যানদের কতটা দক্ষতার সঙ্গে পক্ষে টানতে পারেন তা বোঝা যাবে। ওবামাকেয়ার বাতিল করে নতুন স্বাস্থ্য বিল নিয়ে রিপাবলিকানদের মধ্যেই বিরোধ দেখা দিয়েছে। বিশেষ করে দলের রক্ষণশীল এবং উদারপন্থীদের মধ্যে বিরোধ বেড়েছে। ধারণা করা হচ্ছে,   বিলটি পাস করতে প্রেসিডেন্ট ট্রাম্পকে অনেকটাই বেগ পেতে হবে।
 
স্বাস্থ্য বিল পাস নিয়ে বিলম্ব মার্কিন শেয়ারবাজারেও প্রভাব ফেলছে। বৃহস্পতিবার শেয়ারবাজারে পতন ঘটে। এজন্য মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ স্থানীয় সময় শুক্রবার বিকেলে বিলটি ভোটে তোলার সিদ্ধান্ত নেয়। এই বিল কংগ্রেসে পাস হলে ২০১০ সালে পাস হওয়া সাবেক প্রেসিডেন্ট ওবামার অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট বাতিল হয়ে যাবে যা ‘ওবামাকেয়ার’ নামে পরিচিত। হোয়াইট হাউসের বাজেট ডিরেক্টর মিক মুলভ্যান্সি বলেন, ওবামাকেয়ার বাতিল করে যদি নতুন স্বাস্থ্য বিলটি পাস না হয় তাহলে কংগ্রেসম্যানরাই দায়ী থাকবেন। এটা তাদের জন্য একটা সুযোগ। শুক্রবার সকালেই বিলটি বিতর্কের জন্য হাউসে পাঠিয়েছে হাউস রুলস্ কমিটি। ডেমোক্র্যাটরা একযোগে বিলটির বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন বলে ধারণা করা হচ্ছে। ফলে রিপাবলিকানদের ঐক্যবদ্ধ হয়েই বিলটির পক্ষে ভোট দিতে হবে। এদিকে বৃহস্পতিবার ওবামাকেয়ার সমর্থকরা ওয়াশিংটন,শিকাগো এবং লস অ্যাঞ্জেলসসহ বিভিন্ন শহরে বিক্ষোভ করেছেন। প্রায় দুই কোটি লোক স্বাস্থ্য কর্মসূচির আওতায় পড়েছে। নতুন বিল পাস হলে অনেকেই স্বাস্থ্য ইন্স্যুরেন্সের বাইরে চলে যাবেন।