আশা ভোঁসলে ফিরলেন: ইউটিউবে ‘প্রেম ম্যায় তোরে’

 
নির্মাতা সৃজিত মুখার্জি আসছেন ‘রাজকাহিনী’র হিন্দি সংস্করণ ‘বেগমজান’ নিয়ে। সম্প্রতি প্রকাশিত হয় ছবির প্রথম পোস্টার। তারপর বেগমজান’র ট্রেলার। এবার এসেছে ছবিটির প্রথম গান।
 
অানু মালিকের কম্পোজিশনে গান গেয়েছেন আশা ভোঁসলে। বহুদিন পর প্লেব্যাক করলেন আশা। গত ২৩ মার্চ মুক্তি পেয়েছে ‘বেগমজান’র প্রথম গান ‘প্রেম ম্যায় তোরে’।
 
‘বেগমজান’র মূল চরিত্রে রয়েছেন বিদ্যা বালান। তাঁর একাকীত্বের কথা ফুটে উঠেছে এই গানে। সিনেমার গল্পটি একটি পতিতালয়ের। দেশভাগের সময় যার একাংশ পড়ে ভারতের মধ্যে, অন্য অংশ পাকিস্তানে। ইতোমধ্যে কোনো কর্তন ছাড়াই সেন্সরপত্র পেয়েছে ছবিটি।
 
অানু মালিক বলেন, ‘তখন আমার শরীরটা ভাল ছিল না। হঠাৎ একদিন আশাজি আমাকে ফোন করেন। সে দিনই আমার বউকে বলেছিলাম কাজটা করতেই হবে আমাকে। আইসিইউ থেকেই সৃজিতকে ফোন করেছিলাম। তারপর আশাজি যখন মূল ট্র্যাকটা শুনেছিলেন তখনই পছন্দ হয়ে যায়। রেকর্ডিংয়ের পর আশাজি বলেছিলেন গানটা অমূল্য। ওঁর গলায় ম্যাজিক আছে। এই ৮২ বছরেও ওঁর গান শুনলে অবাক হবেন। আমি সত্যিই ভাগ্যবান আশাজির সঙ্গে কাজের সুযোগ পেয়েছি।’
 
আগামী ১৪ এপ্রিল মুক্তি পাবে সিনেমাটি। পরিচালনা করেছেন সৃজিত মুখার্জি। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন নাসিরুদ্দীন শাহ, পল্লবী সারদা, প্রিয়াঙ্কা শেঠি, গওহর খান প্রমুখ।
ইত্তেফাক/আনিসুর