জয় দিয়ে বুফনের ‘হাজারতম’ ম্যাচ উদযাপন

ক্যারিয়ারের ১০০০তম ম্যাচের মাইলফলক ছোঁয়ার দিনটিকে দারুণ এক জয়ে উদযাপন করেছেন জিয়ানলুইজি বুফন। শুক্রবার পালের্মোয় অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটিতে আলবেনিয়াকে ২-০ গোলে হারিয়েছে তার দল ইতালি।
 
গতকালের ম্যাচে খুব একটা ভুগতে হয়নি ইতালি অধিনায়ক বুফনকে। খেলার ১২ মিনিটে ড্যানিয়েল ডি রসি ও সিরো ইমমোবাইল ৭১ মিনিটে করেন জয়সূচক গোল দুটি। এ জয়ে সমান ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপ ই তে স্পেনের সাথে শীর্ষে আছে ইতালি। ম্যাচটি একবার মাঝপথে বন্ধ হয়ে গিয়েছিল কারণ আলবেনিয়ার সমর্থকরা মাঠে ’স্মোক বম্ব’ নিক্ষেপ করায় ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় মাঠ। তবে ধোঁয়ার মাঝেও আলোকিত হয়ে  ওঠেন ৩৯ বছর বয়সী বুফন।
 
দেশের হয়ে এদিন ১৬৮তম ম্যাচ খেলতে নামেন বুফন। ১৯৯৭ সালে রাশিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফে জাতীয় দলে অভিষেক হওয়া এই তারকার দেশকে ২০০৬ বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ অবদান ছিল। ক্লাব ও জাতীয় দল মিলে মোট এক হাজার ম্যাচ খেলা বুফনের সিনিয়র ফুটবলে অভিষেক ১৯৯৫ সালে ক্লাব পার্মার হয়ে। দলটির হয়ে মোট ২২০টি ম্যাচ খেলেন তিনি। আর বর্তমান ক্লাব জুভেন্টাসের হয়ে ৬১২ ম্যাচ খেলেছেন ৩৯ বছর বয়সী এই তারকা।
 
দেশের হয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ডটি মিসরের আহমেদ হাসানের। ১৯৯৫ সালের ডিসেম্বর থেকে ২০১২ সালের মে মাসের মধ্যে মিসরের এই মিডফিল্ডার খেলেছিলেন ১৮৪ টি ম্যাচ। হাসানের বিশ্বরেকর্ড ছুঁতে বুফনকে খেলতে হবে আরো ১৬টি ম্যাচ।
IMG0
৬১৪টি সিরি ‘আ’ ম্যাচের ২৮০টিতে কোনো গোল খাননি বুফন। পাঁচটি বিশ্বকাপ ম্যাচেও অপরাজিত ছিলেন ইতিমধ্যেই পাঁচটি বিশ্বকাপ খেলে ফেলা এই গোলকিপার। জুভেন্টাসের হয়ে খেলা ৩৯ হাজার ৬৮১ মিনিটে টানা ৯৭৪ মিনিট গোল খাননি তিনি। গোল ডট কম।