রায়পুরে স্বেচ্ছাসেবকলীগের অফিসে ছাত্রলীগের হামলা-ভাংচুর

 
আধিপত্য বিস্তার ও তুচ্ছ ঘটনার জের ধরে রায়পুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের অফিসের ছাত্রলীগের হামলা-ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে উপজেলা চরআবাবিল ইউনিয়নের হায়দরগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, হায়দরগঞ্জ বাজার একই এলাকার বাসিন্দা উপজেলা ছাত্রলীগের সভাপতি পাপেল মাহমুদ ও জেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক এবং চরআবাবিল ইউনিয়ন সম্পাদক আনারুল কবির আজিজের সাথে রাত ৮টার দিকে কথা কাটাকাটি ও বাগবিতণ্ডা হয়।
 
এর জের ধরে ছাত্রলীগ নেতা আজিজ নেতাকর্মী নিয়ে পাপেল মাহমুদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল করে বাজারে। মিছিল শেষে আজিজ বাজারের স্বেচ্ছাসেবকলীগের অফিসে যায়।
 
এতে ক্ষিপ্ত হয়ে উঠে পাপেল। পরে পাপেলের নেতৃত্বে ছাত্রলীগের কর্মীরা লাঠিসোঁটা নিয়ে আধিপত্য বিস্তারে ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের অফিসের হামলা চালায়।
 
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক তানভির হায়দর চৌধুরী রিংকু বলেন, ‘উপজেলা ছাত্রলীগের সভাপতি পাপেল মাহমুদ ও তাঁর কর্মীরা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের অফিস ভাংচুর করে তাণ্ডব চালিয়েছে। তাদের হাত তাণ্ডব থেকে বাদ পড়েনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিও। ছাত্রলীগ নামধারী এসব সন্ত্রাসীকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।’
 
এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সভাপতি পাপেল মাহমুদের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তিনি ফোন ধরেননি।
 
তবে সাধারণ সম্পাদক তারেক আজিজ জনি বলেন, ছাত্রলীগ হয়ে নিজ দলীয় অফিসে হামলার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমি তীব্র নিন্দা জানাই এবং ঘটনার তদন্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
 
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, খবর পেয়ে স্থানীয় ফাড়ি পুলিশ ঘটনাস্থলে পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
 
ইত্তেফাক/আনিসুর