সুন্দরগঞ্জ-১ আসনে জামানত হারিয়েছেন ৫ প্রার্থী

গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে গত ২২ মার্চ অনুষ্ঠিত জাতীয় সংসদের উপ-নির্বাচনে জামানত হারিয়েছেন ৫ প্রার্থী।
 
জানা গেছে, প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোটের কম পেলে জামানত বাজেয়াপ্ত হয়ে যায়। এ ক্ষেত্রে উপ-নির্বাচনে ৩ লাখ ৩৩ হাজার ৮০৭ ভোটের মধ্যে ভোট পড়েছে ১ লাখ ৬৬ হাজার ৬২২ ভোট। ভোট পড়ার হার শতকরা ৪৯ দশমিক ৯৭ ভাগ।  এ হিসেবে প্রাপ্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোটের অংক দাড়ায় ২০ হাজার ৮২৮ ভোট। এই পরিমাণ ভোট না পাওয়ায় জাসদ সমর্থিত প্রার্থী এ্যাড. মোহাম্মদ আলীর প্রাপ্ত ভোট ২৭৭,  জেপির ওয়াহেদুজ্জামান সরকার বাদশার প্রাপ্ত ভোট ১ হাজার ২৯৩, গণফ্রন্টের শরিফুল ইসলামের প্রাপ্ত ভোট ১৫৪, এনপিপির জিয়া জামান খাঁনের প্রাপ্ত ভোট ১ হাজার ১৯ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী মোস্তফা মহসিন সরদারের প্রাপ্ত ভোট ১২ হাজার ২৩৩ হওয়ায় তারা জামানত হারিয়েছেন বলে নির্বাচন অফিস সূত্রে জানা যায়।