গেল জানুয়ারিতেই এসেছিল ঘোষণা। এবার আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বও বুঝে পেলেন মনু সাওয়ানি। যদিও, আসছে জুলাই অবধি থাকছেন বিদায়ী প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসনও। ওয়ানডে বিশ্বকাপকে মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দায়িত্ব পেয়ে সাওয়ানি বলেন, ‘ডেভিডের কাছ থেকে দায়িত্ব পেয়ে আমি যারপর নাই উচ্ছ্বসিত। আমি ক্রিকেটে বিশ্বের প্রতিটি প্রান্তে ছড়িয়ে দিতে চাই। এজন্য আমার সংস্থাটির সদস্য দেশ, পার্টনার ও স্পন্সর- সকলের সাহায্য চাই।’ সাওয়ানিকে শুভকামনা জানিয়ে ডেভিড রিচার্ডসন বলেন, ‘আইসিসিতে থাকাকালে আমি সময়টা উপভোগ করেছি। এই সময়ে আমার যা অর্জন তা নিয়ে আমি গর্বিত। বিশ্বকাপ দিয়ে আমি শেষ করবো। এরজন্য সবার সমর্থন চাই। আশা করি মনু ও তার দল সংস্থাটিকে আরো উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যাবে।’