গণহত্যার ভয়াবহতা বুঝেই যুদ্ধে নেমেছিলাম: তারামন বিবি

 
স্বাধীনতা যুদ্ধের কথা বলতে গিয়ে বীর মুক্তিযোদ্ধা তারামন বিবি বীরপ্রতীক উল্লেখ করেছেন, '২৫ মার্চের গণহত্যার ভয়াবহতা বুঝেই যুদ্ধে নেমেছিলাম। প্রথমে একটি ক্যাম্পে মুক্তিযোদ্ধাদের বিভিন্ন কাজে সহযোগিতা করতাম। এর পর আস্তে আস্তে অস্ত্র চালানো শিখি। এভাবেই পাক হানাদার বাহিনীকে এ দেশ থেকে বিতাড়িত করেছিলাম।'
 
তিনি বলেন, 'আজ আমরা যদি দেশ স্বাধীন না করতাম তাহলে এখনো সেই শত্রুদের সঙ্গেই অমানুষের মত থাকতে হতো।'
 
শনিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সাত দিনব্যাপী 'মুক্তিসংগ্রাম নাট্যোৎসব ২০১৭' এর উদ্বোধনের সময়  এসব কথা বলেন তারামন বিবি। বিকাল সাড়ে ৫টার দিকে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে নাট্যোৎসবের উদ্বোধন করেন তিনি। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিউদ্দিন খান আলমগীর এম.পি।
 
প্রধান অতিথির বক্তৃতায় মহিউদ্দিন খান আশাবাদ ব্যক্ত করে বলেন, 'মুক্তিসংগ্রামের চেতনাবোধ এই বিশ্ববিদ্যালয় থেকে সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে।' এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. দীপু মনি এম.পি, সরকারি কর্মকমিশনের সদস্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির, জাবি ভিসি অধ্যাপক ফারজানা ইসলাম, প্রো-ভিসি অধ্যাপক ড. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল খায়ের প্রমুখ।
 
ইত্তেফাক/জামান