সৌদি আরবের ওয়াদি আল দাওয়াসীর এলাকায় সড়ক দুর্ঘটনায় ঢাকার দোহার উপজেলার দুই যুবক নিহত হয়েছে।
শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চর বইতা গ্রামের আরজান মোল্লার ছেলে মোসলেম মোল্লা ও অন্যজন দোহার পৌরসভার জয়পাড়া এলাকার মো. সেলিম। তাদের বাড়িতে শোকের মাতম চলছে।
নিহত মোসলেম মোল্লার পারিবারিক সূত্র জানায়, একটি কোম্পানিতে কাজের কন্টাক্ট করতে জিজান গিয়েছিলেন তারা। শুক্রবার একটি প্রাইভেটকারে চারজন কাজ শেষে রিয়াদ ফিরছিলেন। ওয়াদি আল দুরুস এলাকায় আসলে গাড়িটি নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। এদিকে স্বজনের মৃত্যুর সংবাদ শোনার পর থেকে নিহতের বাবা-মাসহ আত্মীয় স্বজনরা শোকে মহ্যমান।
মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন মিয়া বলেন, আমার গ্রামে ছেলে মোসলেমের মৃত্যু সংবাদ পেয়ে আমি ওদের বাড়িতে গিয়েছিলাম। মৃত্যুর খবরে পুরো পরিবারে চলছে কান্নার রোল।
দোহার থানার ওসি সিরাজুল ইসলাম জানান, বিষয়টি শুনেছি। নিহতের পরিবারে খোঁজ নেয়া হয়েছে।