হাইওয়েতে আইন অমান্যকারী গাড়ি চালকদের শোধরাতে নানা ধরনের পদক্ষেপ নেয় ট্রাফিক পুলিশ। বেশিরভাগ দেশেই নির্দিষ্ট সীমার চেয়ে বেশি গতিতে গাড়ি চালানোর জন্য চালকদের জরিমানা করা হয়। এতো কিছুর পরও খুব একটা সুবিধে করে উঠতে পারে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে এবার সংযুক্ত আরব আমিরাতের রাস্তায় পুলিশের একটি চালাকিতে বেশ কাজ হচ্ছে। গাড়ি চালকদের ‘ভয় দেখাতে’ হাইওয়েতে এমন কিছু পুলিশের গাড়ি স্থাপন করা হয়েছে যা দেখে সতর্ক হয়ে যাচ্ছেন চালকরা। নির্দিষ্ট গতিসীমার দিকে মনোযোগ দিচ্ছেন তারা। তবে এক গাড়ি চালক দূর থেকে পুলিশের গাড়ি দেখে প্রথমে একটু ভয় পেলেও মনে এক ধরনের সন্দেহ উঁকি দেয়। সেই খটকা থেকে পুলিশের গাড়ি লক্ষ্য করে এগিয়ে যান তিনি। কাছে গিয়েই তিনি দেখেন এটি আসলে কোনো গাড়ি নয়, গাড়ির ত্রিমাত্রিক ছবি আঁকা একটি বিলবোর্ড মাত্র। আর সেই নকল গাড়ির উপর বসান হয়েছে পুলিশের ফ্ল্যাশ লাইট। পুলিশের এই গাড়ি দেখে অনেক গাড়ি চালকই বোকা বনে যাচ্ছেন। কাছ থেকে না দেখলে যে কারোরই মনে হবে এটি আসল পুলিশের গাড়ি।-ইউপিআই
ইত্তেফাক/নূহু