কর্ণফুলি পেপার মিল এলাকায় প্রদর্শনী বাগানের গাছ কাটার অভিযোগ


কাপ্তাইয়ে অবস্থিত কর্ণফুলি পেপার মিল এলাকায় বনায়নকৃত প্রদর্শনী বাগান থেকে বিধিবহির্ভূতভাবে গাছ কাটা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। মিল এলাকা থেকে গাছ কেটে আত্মসাতের পাঁয়তারা করছে একটি বিশেষ মহল। পেপার মিলে কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের মধ্যে মিলের ব্যবস্থাপনা ও ভবিষ্যত্ নিয়ে চলছে নানা বিতর্ক। এ নিয়ে একটি বিশেষ মহল বিভিন্ন রকম গুজব ছড়াচ্ছে বলেও শোনা যাচ্ছে। স্থানীয়রা সম্প্রতি সৃষ্ট এসব ঘটনার জন্য মিল কর্তৃপক্ষের উদাসীনতা ও দায়িত্বের অবহেলাকেই দায়ী করছে।

গাছ কাটা নিয়ে মিলের ব্যবস্থাপনা পরিচালক ড. প্রকৌশলী এম এম এ কাদের বলেন, কর্তিত গাছ মিলে পাল্প উত্পাদনের কাঁচামাল হিসেবে ব্যবহার করা হবে। নতুনভাবে বনায়নের জন্য মিলের বাগানের গাছ কাটা হচ্ছে। তবে এ ব্যাপারে কোনো প্রকল্প এবং অর্থ বরাদ্দ নাই। বরাদ্দ পাওয়া গেলে কর্তিত বাগানে নতুনভাবে বনায়ন পরিকল্পনা করা হবে।

ইত্তেফাক/নূহু