সিলেটে জঙ্গি হামলা: নিহত ওসির বাড়িতে শোকের মাতম

 
জঙ্গিবিরোধী অভিযানে ওসি মনিরুল ইসলাম সোহেলের নিহত হওয়ার খবর শুনে তার পরিবারে শোকের মাতম চলছে। সিলেটের শিববাড়ি এলাকায় বোমা বিস্ফোরণে আহত মনিরুল ইসলাম শনিবার দিবাগত রাত দুইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
 
ওসি মনিরুল ইসলাম নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের পূর্ব এওজবালিয়া গ্রামের মৃত নুরুল ইসলামের মেজ ছেলে। এ পুলিশ কর্মকর্তার মৃত্যুর সংবাদ শুনে তার বৃদ্ধ মা ফিরোজা খাতুন বাকরুদ্ধ হয়ে পড়েন। পুত্রশোকে নিস্তব্ধে চোখের পানি ফেলছেন। মনিরুল ইসলামের স্ত্রী একমাত্র শিশুপুত্রকে জড়িয়ে ধরে আর্তনাদ করে বারবার জ্ঞান হারাচ্ছেন। তার ভাই-বোন ও আত্মীয়-স্বজনের কান্নায় পুরো এলাকা ভারি হয়ে উঠেছে। মনিরের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে তার বাড়িতে মানুষের ঢল নামে।
 
এদিকে নিহত মনিরুল ইসলামের মামাতো ভাই সাংবাদিক মোহাম্মদ সোহেল জানান, মনিরুল ইসলাম গত বৃহস্পতিবার তার ছোট ভাইয়ের বিয়ে উপলক্ষে ছুটিতে গ্রামের বাড়িতে আসেন। আতিয়া মহলে জঙ্গিবিরোধী অভিযানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে জরুরিভিত্তিতে নিজ কর্মস্থলে ডেকে পাঠান। তিনি শুক্রবার বিকেলে বাড়ি থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দেন।
 
অপরদিকে নোয়াখালীর পুলিশ সুপার মো. ইলিয়াছ শরিফ জানান, ওসি মনিরুল ইসলামের মৃত্যু সংবাদ তারা পেয়েছেন। রবিবার দুপুর দেড়টার দিকে তার মরদেহ নিয়ে সিলেট পুলিশ নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হবে। তার মরদেহ নোয়াখালী পৌঁছলে তাকে পুলিশি সম্মাননায় দাফন সম্পন্ন করার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
 
ইত্তেফাক/জামান