ফরিদপুরের ভাঙ্গায় রবিবার যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত নানা কর্মসূচীর মধ্যে দিয়ে দিনভর দিবসটিকে শ্রদ্ধার সাথে উদযাপন করেন উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন। সকালে উপজেলা পরিষদ শহীদ মিনারে পুষ্পস্তবক দিয়ে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদের পক্ষে উপজেলা চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা(অতিরিক্ত দায়িত্ব) প্রণব কুমার ঘোষ। এছাড়াও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফাইজুর রহমান, উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম ও সাধারণ সম্পাদক মুন্সি হাবিবুর রহমান সহ বিভিন্ন সংগঠন পর্যায়ক্রমে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর ভাঙ্গা পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বর্ণিল কুচকাওয়াজ প্রদর্শিত হয়।
কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) প্রণব কুমার ঘোষ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল বাসার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফাইজুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আব্দুল্লাহ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অনাদি রঞ্জন মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম প্রমুখ। এছাড়াও শহীদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বিভিন্ন মসজিদ-মন্দিরে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠান, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্য চিত্র প্রদর্শনী ও উপজেলা চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটিকে পালন করা হয়।