ক্যারি লাম হংকংয়ের প্রথম নারী নেতা নির্বাচিত

 
প্রধান নির্বাহীর পদে হংকংয়ের ইতিহাসে প্রথম নারী হিসেবে নির্বাচিত হয়েছেন ক্যারি লাম। বেইজিংয়ের সমর্থন থাকায় আগে থেকে অবশ্য ধারণা করা হয়েছিল তার জয়ের বিষয়টি নিয়ে। 
 
হংকংয়ের প্রধান নির্বাহী পদে নির্বাচন হয় উচ্চপর্যায়ের একটি কমিটির সদস্যদের ভোটে। এ কমিটিতে বেইজিংপন্থি সদস্যের সংখ্যা বেশি। ফলে প্রধান নির্বাহীর পদে নির্বাচনে সব সময় বেইজিংপন্থি প্রার্থীর জয় হয়ে থাকে।
 
রবিবার প্রধান নির্বাহী পদে নির্বাচনের সময় ভোটকেন্দ্রের বাইরে গণতন্ত্রকামীরা বিক্ষোভ করে। নির্বাচনের এ প্রক্রিয়াকে তারা লজ্জাজনক বলে অভিহিত করে।
 
জনমত জরিপে দেখা যায়, ক্যারি লামের প্রতিদ্বন্দ্বী প্রাক্তন অর্থ প্রধান জন সাং জনগণের মধ্যে বেশি জনপ্রিয়। কিন্তু বেইজিংয়ের সমর্থন না থাকায় তিনি বিজয়ী হতে পারেননি। 
 
চীনের অধীনে একটি আধা স্বায়ত্তশাসিত অঞ্চল হংকং। হংকংয়ে পুরোপুরি গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তনের জন্য আন্দোলন করে আসছে একটি অংশ। হংকংয়ের নেতা নির্বাচনে গণতান্ত্রিক নির্বাচন দাবি করে আসছে তারা। ক্যারি লাম দীর্ঘদিন সরকারি আমলা ছিলেন। তার অধীনে হংকংয়ে বেশ কিছু প্রকল্প বাস্তবায়িত হয়েছে।
 
ইত্তেফাক/আনিসুর