মহান স্বাধীনতা দিবস উপলক্ষে

সেনা ও নৌবাহিনীর মোট ৫২ জনকে অনারারি পদোন্নতি

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনীর মোট ৫২ জনকে অনারারী পদোন্নতি দেয়া হয়েছে।
 
আজ রবিবার আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। এতে জানানো হয়েছে, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ জন অনারারি লেফটেন্যান্টকে অনারারি ক্যাপ্টেন পদে পদোন্নতি দেয়া হয়েছে। এছাড়াও ২২ জন মাস্টার ওয়ারেন্ট অফিসার পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসারকে অনারারি লেফটেন্যান্ট পদে অনারারি কমিশন প্রদান করা হয়েছে।
 
অপরদিকে, বাংলাদেশ নৌবাহিনীর ১৩ জন মাস্টার চিফ পেটি অফিসার (এমসিপিও) পদ-মর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসারকে অনারারি সাব লেফটেন্যান্ট পদে অনারারি কমিশন প্রদান করা হয়েছে। 
 
সেনা ও নৌবাহিনীর এ অনারারি কমিশন ২৬ মার্চ ২০১৭ থেকে কার্যকর হবে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জারিকৃত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।-বাসস।