আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ
স্পোর্টস রিপোর্টার
টানা তৃতীয় বছরের মতো আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকায় নিজেদের শীর্ষস্থান ধরে রাখলো ভারত। গতকাল ১ এপ্রিল ছিলো এমআরএফ টায়ার আইসিসি টেস্ট র্যাংকিংয়ে গত বছরের হিসাব করার শেষ দিন। এই দিনে র্যাংকিংয়ের শীর্ষে ছিলো ভারত। আর দ্বিতীয় স্থানে ছিলো নিউজিল্যান্ড।
বছর জুড়ে কখনোই এই দুইটি দলের শ্রেষ্ঠত্ব নিয়ে সন্দেহ ছিলো না। তারা সারা বছরই অন্যান্য দলের চেয়ে অনেক এগিয়ে ছিলো। ১১৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে ভারত। টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখায় ভারত রাজদণ্ডর পাশাপাশি ১০ লাখ মার্কিন ডলার পুরস্কার পাবে। অন্য দিকে ১০৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ড পাবে ৫ লাখ মার্কিন ডলার।
বাংলাদেশ এই তালিকায় আছে ৯ নম্বরে, পয়েন্ট ৬৯। ১০ নম্বরে থাকা জিম্বাবুয়ের পয়েন্ট ১৩। আফগানিস্তান ২টি টেস্ট খেলে ২৫ পয়েন্ট পেলেও তারা এখনো পয়েন্ট টেবিলে আসেনি।
টেস্টে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারায় উচ্ছ্বসিত ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি বলছিলেন, ‘আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের রাজদণ্ড আরো একবার ধরে রাখতে পারায় আমরা সবাই সত্যিই গর্বিত। আমাদের দল বিভিন্ন ফরম্যাটে বছর জুড়ে ভালো খেলছে। তবে টেস্ট র্যাংকিংয়ের শীর্ষে থাকা অন্য সবকিছুর চেয়ে আলাদা।’