যুবলীগের কমিটি গঠন নিয়ে সিরাজগঞ্জের কামারখন্দে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। রবিবার বিকাল সাড়ে ৪টায় কামারখন্দ উপজেলার পাইকোশা বাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতরা হলেন- ঝাঐল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মুকুল হোসেন ও আওয়ামী লীগ নেতা আবু সাঈদ।
স্থানীয় যুবলীগ নেতাদের সুত্রে জানা যায়, গত সপ্তাহে ঝাঐল ইউনিয়ন যুবলীগের পুর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়। কমিটিতে তৃণমূল যুবলীগ নেতাদের অনেককেই সদস্য পদ দেয়া হয়নি।
এ নিয়ে ওয়ার্ড যুবলীগের সভাপতি মুকুল হোসেন সমর্থকদের সঙ্গে ঝাঐল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই জের ধরে রবিবার উভয় পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন আহত হন।
কামারখন্দ থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলুর রহমান জানান, যুবলীগের কমিটি নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় নেতারা বিষয়টি সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।