পাকিস্তান প্রীতির কারণে গণহত্যা দিবসে কর্মসূচি ছিল না বিএনপির : মোহাম্মদ নাসিম

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, একাত্তরের পরাজিত শক্তি পাকিস্তানের প্রতি দরদ দেখিয়ে গণহত্যা দিবসে কোনো কর্মসূচি পালন করেননি খালেদা জিয়া এবং তার দল বিএনপি। জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে শনিবার রাত ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসিতে আরটিভি আয়োজিত মোমবাতি প্রজ্বলন কর্মসূচির পূর্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, বিএনপি স্বাধীনতা বিরোধীদের লালনকারী, প্রশ্রয়দাতা। গণহত্যা দিবস পালন করলে পাকিস্তান কষ্ট পাবে বলে  দলটি ন্যূনতম কোনো কর্মসূচি পালন না করে ঘরে বসেছিল। অথচ অন্য সময় প্রায় প্রতিদিনই দলের বিভিন্ন কর্মসূচিতে বক্তব্য রাখেন দলটির নেতারা। গণহত্যা দিবসে বিএনপির আচরণে বাঙালি জাতি বিস্মিত হয়েছে।

মোহাম্মদ নাসিম বলেন, বঙ্গবন্ধু হত্যার পর যারা ২১টি বছর ক্ষমতায় ছিল তারা যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করেছিল। শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়ে একাত্তরের ঘাতক যুদ্ধাপরাধীদের বিচার করছেন। তিনি বলেন, জাতির পিতাসহ মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক সৃষ্টির বহু চেষ্টা করেছে বিএনপি। কিন্তু সফল হয়নি। আগামী নির্বাচনে একাত্তরের পরাজিত শক্তির দোসরদের বিরুদ্ধে গণরায় হবে বলে মোহাম্মদ নাসিম আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নান, নজরুল ইসলাম বাবু এমপি প্রমুখ।

ইত্তেফাক/নূহু