g রয়টার্স
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সত্ভাই কিম জং ন্যাম হত্যাকাণ্ডে অভিযুক্ত ভিয়েতনামী নারী ডোয়ান থি হুয়াং (৩০) প্রাণদণ্ড এড়াতে পেরেছেন। সোমবার মালয়েশিয়ার আইনজীবীরা তার বিরুদ্ধে আনা খুনের অভিযোগ তুলে নেন। এর বদলে তার বিরুদ্ধে একটি সাধারণ অভিযোগ আনা হয়। সেই অভিযোগের দায়ভার তিনি মেনে নেওয়ায় তাকে তিন বছর চার মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
দেশটির প্রচলিত আইন অনুযায়ী হত্যাকাণ্ডের অভিযোগে তিনি যদি দোষী সাব্যস্ত হতেন তাহলে তার মৃত্যুদণ্ড হতো। কিন্তু খুনের অভিযোগ তুলে তার বিরুদ্ধে ক্ষতি করার অভিযোগ আনা হয়। এ কারণেই তিনি প্রাণে রক্ষা পেলেন। রায়ের বক্তব্যে বিচারক হুয়াংকে অত্যন্ত ভাগ্যবান বলে অভিহিত করেন। এই রায়ের পর আদালতে উপস্থিত ভিয়েতনামী কর্মকর্তারা হাততালিতে ফেটে পড়েন। এ সময় লাল রঙের মালয়েশীয় ঐতিহ্যবাহী পোশাক ‘বাজু কুরং’ পরা ও স্কার্ফে মাথা ঢাকা হুয়াং দাঁড়িয়ে বিচারকের উদ্দেশ্যে মাথা নোয়ান। এদিকে হুয়াংয়ের আইনজীবীরা জানিয়েছেন, তাকে কারাদণ্ড প্রদান করা হলেও আশা করা হচ্ছে তিনি আগামী মাসেই মুক্ত হতে পারবেন।
২০১৭ সালের ফেব্রুয়ারিতে কুয়ালালামপুরের প্রধান বিমানবন্দরে হুয়াং ও ইন্দোনেশীয় নারী সিতি আইশা জং ন্যামের মুখে প্রাণঘাতী রাসায়নিক অস্ত্র ভিএক্স বিষ মেখে দিয়েছিলেন বলে অভিযোগ উঠে। ওই ঘটনার কিছুক্ষণের মধ্যেই ন্যামের মৃত্যু হয়েছিল। হুয়াং ও আইশার বিরুদ্ধে তখন হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়। কিন্তু গতমাসে কৌঁসুলিরা আইশার বিরুদ্ধে আনা অভিযোগ তুলে নেওয়ার পর তিনি মুক্তি পান।
ন্যামের ওপর হামলার জন্য যারা মূলত দায়ী তারা পালিয়ে আছেন বলে বিশ্বাস করা হয়। তাই এই দুই নারীর বিরুদ্ধে খুনের অভিযোগ আনায় মালয়েশিয়ার সমালোচনা হচ্ছিল। মুক্তি পাওয়ার পর তাকে ঘিরে ধরা সাংবাদিকদের হুয়াং বলেন, “আমি খুব খুশি। আমি গান গাইতে ও অভিনয় করতে চাই।”