ধুনটে শিশু শিক্ষার্থীকে পিটিয়ে জখম করেছেন শিক্ষক

বগুড়ার ধুনটে পাঠ্য বইয়ের পড়া মুখস্ত বলতে না পারায় আল-রাফি (৮) নামে এক শিশু শিক্ষার্থীকে পিটিয়ে জখম করেছেন শিক্ষক। সোমবার সকাল সাতটার দিকে ধুনট দারুল উলম কওমি মাদ্রাসায় এ ঘটনা ঘটে। অসুস্থ শিশু শিক্ষার্থীকে চিকিত্সার জন্য ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন স্বজনরা।
 
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বভরনশাহী গ্রামের গোলাম রব্বানীর ছেলে আল-রাফি প্রায় ৩ বছর ধরে অত্র মাদ্রাসায় মক্তব শ্রেণিতে লেখাপড়া করে। একই মাদ্রসায় ৯ মাস যাবত্ সহকারী শিক্ষক পদে চাকরী করেন সিরাগঞ্জের কাজিপুর উপজেলার রৌহাবাড়ি গ্রামের ইলিয়াস আহম্মেদ (৩০)। 
 
সোমবার সকালে আল-রাফিকে পাঠ্য বইয়ের পুরানো পড়া মুখস্ত বলতে বলেন ওই শিক্ষক। কিন্ত আল-রাফি পড়া মুখস্ত বলতে না পারায় বাঁশের কঞ্চি দিয়ে পিটিয়ে জখম করে। অসুস্থ আল-রাফিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্বজনরা। শিশু শিক্ষার্থীকে নির্যাতনের খবর ছড়িয়ে পড়ায় বিক্ষুদ্ধ জনতা মাদ্রাসার শিক্ষকদের অবরুদ্ধ করে রাখেন। সংবাদ পেয়ে ধুনট থানা পুলিশ ও পৌরসভার মেয়র ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন।
 
শিক্ষক ইলিয়াস আহম্মেদ ঘটনার সত্যতা স্বীকার করেন বলেন, পড়া না পারায় আল-রাফির শরীরে বেত দিয়ে হালকা ভাবে ২টি পেটন দেয়া হয়েছে। তাকে অতিরিক্ত কোনো নির্যাতন করা হয়নি।
 
ধুনট থানার এসআই খোকন কুমার কুণ্ড বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।