নিহত পুলিশ পরিদর্শক মনিরুলের দাফন সম্পন্ন

 
জঙ্গিবিরোধী অভিযানে নিহত সিলেটের জালালাবাদ থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম সোহেলের দাফন সম্পন্ন হয়েছে।
 
সোমবার সকাল ৯টায় মনিরুলের গ্রামের বাড়ি নোয়াখালী সদরের পূর্ব এওজবালিয়ায় এলাকার মান্নাননগর মডেল একাডেমির মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পুলিশি সকল সম্মাননা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
 
জানাজায় নোয়াখালীর পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট শিহাব উদ্দিন শাহিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজ্জামেল হক মিলন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মমিন বিএসসি, মাওলা জিয়াউল হক লিটন, শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, জেলা বিএনপির সভাপতি এডভোকেট আবদুর রহমান, সাধারণ সম্পাদক মাহবুব আলমগীর আলোসহ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতাকর্মী ও এলাকার সর্বস্তরের কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন।
 
অপরদিকে জানাজায় উপস্থিত পুলিশ কর্মকর্তাদের প্রতি তার পরিবারের পক্ষ থেকে নিহত মনিরুল ইসলামের স্ত্রী পারভীন আক্তারকে চাকরি প্রদানের দাবি জানানো হয়। এ প্রসঙ্গে নোয়াখালী জেলার পুলিশ সুপার ইলিয়াছ শরিফ বলেন, মনিরুলের স্ত্রীর চাকরির ব্যাপারে আমরা পুলিশ প্রধানকে জানাবো।
 
প্রসঙ্গত, পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম কর্তব্যরত অবস্থায় শনিবার সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার আতিয়া মহলে জঙ্গিবিরোধী অভিযান চলাকালে বোমা বিস্ফোরণে আহত হন। ঐদিন গভীর রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি সদর উপজেলার পূর্ব এওজবালিয়া গ্রামের মৃত নুরুল ইসলামের মেজ ছেলে।