আলাওল হত্যা: চারদিনেও গ্রেফতার হয়নি কেউ

 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্র আলাউদ্দিন আলাওলকে পরিকল্পিতভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা। হত্যাকাণ্ডের চারদিন পেরিয়ে গেলেও কেউ গ্রেফতার না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করছেন তারা।
 
সোমবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সভাপতি মুহীবুল আজিজ, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার সাঈদ, সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ ফখরুল ইসলাম, ড. প্রকাশ দাশ গুপ্ত, লোকমান কবির, আলাওলের সহপাঠী সামিয়া খানম তানিয়া, শেফায়েত উল্লাহ, মো. আরমানসহ প্রমুখ। এছাড়াও অংশগ্রহণ করে একাত্মা প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শত শত সাধারণ শিক্ষার্থী।
 
এদিকে গ্রেফতারের বিষয়ে বায়েজিদ বোস্তামি থানার ওসি মোহাম্মদ মহসিন ইত্তেফাকে বলেন, আমরা এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারি নাই। এব্যাপারে আমাদের একটি টিম কাজ করে যাচ্ছে। তবে আমরা আশা করছি অতি দ্রুত তাদেরকে গ্রেফতার করতে পারবো।
 
উল্লেখ্য, গত ২২ মার্চ রাত দেড়টার দিকে নগরীর বায়েজিদ বোস্তামী থানার পশ্চিম শহীদনগর এলাকার বাসার টয়লেট থেকে হাত-পা বাঁধা অবস্থায় আলাওলের মরদেহ উদ্ধার করা হয়। আলাওল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের মাস্টার্সের ছাত্র। তার বাড়ি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেইট এলাকার মদনহাটে।