জার্মানির সারল্যান্ড প্রদেশের নির্বাচনে জয় পেয়েছে চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের দল ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটস (সিডিইউ)। চলতি বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের আগে এই প্রাদেশিক নির্বাচনকে রাজনৈতিক নেতা ও দলগুলোর জনপ্রিয়তা যাচাইয়ের একটি ক্ষেত্র হিসেব বিবেচনা করা হয়েছিল। এ কারণে নির্বাচনের ফলাফলের দিকে দেশটির সংবাদমাধ্যমসহ অনেকের নজর ছিল।
স্থানীয় সময় রবিবার দেশটির সারল্যান্ড প্রদেশের নির্বাচন অনুষ্ঠিত হয়। ছোট এই রাজ্যে মাত্র ১০ লাখ মানুষের বসবাস। নির্বাচনে মার্কেলের ক্রিশ্চিয়ান ডেমোক্রেট ৪০ দশমিক ৭ শতাংশ ভোট পায়। দ্বিতীয় অবস্থানে থাকা সোশ্যাল ডেমোক্রেট দল (এসপিডি) ২৯ দশমিক ৬ শতাংশ ভোট পেয়েছে। সারল্যান্ডের এই জয়ে স্বস্তি ফিরে পেয়েছেন মার্কেল। উদার শরণার্থী নীতির কারণে তার সামনে এ নির্বাচন ছিল জনপ্রিয়তা যাচাইয়ের একটি অগ্নিপরীক্ষা। সেই পরীক্ষায় তিনি বেশ সফলভাবেই উতরে গেলেন।
আসছে জাতীয় নির্বাচনে জয়ী হয়ে টানা চতুর্থবারের মত জার্মানির ক্ষমতায় যেতে চান মার্কেল। যদিও বর্তমানে তার জনপ্রিয়তায় কিছুটা ভাটা পড়েছে। অপরদিকে ইউরোপীয় পার্লামেন্টের সাবেক প্রেসিডেন্ট মার্টিন স্কুলজ নেতৃত্ব গ্রহণের পর সোশ্যাল ডেমোক্রেটস দলের জনপ্রিয়তা কিছুটা বেড়েছে। বিবিসি।
ইত্তেফাক/সাব্বির