শেরপুরে কৃষকের অর্ধ গলিত লাশ উদ্ধার

 
শেরপুরের নকলা উপজেলার ডাকাতিয়াকান্দা গ্রামে সোমবার দুপুরে নিজ ঘর থেকে রফিকুল ইসলাম (৩৫) নামে এক কৃষকের অর্ধ গলিত ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, তিন বছর আগে পারিবারিক কলহের জেরে রফিকুল তার স্ত্রীকে (দুই সন্তানের জননী) তালাক দেন। গত শনিবারে রফিকুল তার দুই সন্তানকে তাদের মায়ের কাছে পাঠানোর পর থেকে আর কেউ রফিকুলকে বাহিরে দেখেনি। সবাই ভেবেছিলো সে হয়তো কোথাও গেছে। কিন্তু সোমবার সকাল হতে বাড়িতে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে এলাকার লোকজন রফিকুলের ঘরে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তার মৃতদেহ উদ্ধার করে। দুই শিশু সন্তানের ভবিষ্যৎ চিন্তায় রফিকুল মানসিক ভারসাম্য হারিয়ে আত্মহননের পথ বেছে নিয়েছে বলে ধারণা করছেন এলাকাবাসী।
 
এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে বলে নকলা থানার ওসি খাঁন আব্দুল হালিম সিদ্দিকী জানিয়েছেন।