জেএমবি সদস্য রাব্বী হত্যায় রাজীব গান্ধীর দোষ স্বীকার

 
জেএমবি সদস্য মাজেদুল ইসলাম ওরফে ফজলে রাব্বী হত্যায় দোষ স্বীকার করেছেন জঙ্গি জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী।
 
গুলশান হলি আর্টিজান হামলার অন্যতম পরিকল্পনাকারী রাজীব গান্ধী সোমবার সন্ধ্যা ৬টায় গাইবান্ধার আদালতে দোষ স্বীকার করে জবানবন্দী দিয়েছেন।
 
পিপি শফিকুল ইসলাম শফি জানান, গাইবান্ধার পল্লী চিকিৎসক মাহবুবর রহমান ডিপটি (৪০) হত্যা মামলায় রাজীব গান্ধীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুরের পর সোমবার বিকেলে গাইবান্ধা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদিনের আদালতে (একই আদালত) তিনি ১৬৪ ধারায় জবানবন্দীতে এই হত্যার দায় স্বীকার করেন।
 
তিনি আরো জানান, ২০১৫ সালের ১৯ জুলাই রাতে সাঘাটার বসন্তের পাড়া গ্রামের সাদাক্কাস আলীর ছেলে ফজলে রাব্বী (৩০) জুমারবাড়ি বাজার থেকে এক ব্যক্তির সঙ্গে বাড়ি ফিরতেছিলেন। পথে চার দুর্বৃত্ত মোটরসাইকেলযোগে এসে তাদের পথরোধ করে। পরে তাদের একজন রাব্বীর মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রাব্বীকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে রাত দু'টার দিকে তার মৃত্যু হয়।
 
সিআইডির পুলিশ পরিদর্শক সাইদুল আলম জানান, মাজেদুল ইসলাম ওরফে ফজলে রাব্বী হত্যা মামলায় রাজিব গান্ধিকে গত ২০ মার্চ সাত দিনের রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ড শেষে সোমবার আদালতে ১৬৪ ধারায় তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
 
উল্লেখ্য,ফজলে রাব্বী হত্যার পর সাঘাটা থানার ওসি মোস্তাফিজার রহমান জানিয়েছিলেন তিনি জেএমবির সদস্য ছিলেন। কিন্তু জামিনে জেল থেকে বের হবার পর জেএমবির কার্যক্রম থেকে সরে আসার চেষ্টা করছিলেন। সেকারণে সংগঠনে সঙ্গে রাব্বীর মতবিরোধ তৈরি হয়েছিল।